কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ার কলাপট্টি খেয়াঘাটটি স্থানীয় সাধারণ মানুষের চলাচলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এ খেয়াঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ জন স্কুল, মাদ্রাসা ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ চাকরিজীবী ও ব্যবসায়ীরা নিয়মিত পারাপার হয়ে থাকেন।
তবে বর্তমান বাজারে ডিজেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে খেয়া পরিচালনায় মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। খেয়াঘাট ইজারাদার সূত্রে জানা যায়, বিগত তিন দিন ধরে ডিজেল সংগ্রহের জন্য বিসমিল্লাহ পাম্প ও পলাশ পাম্প-এ একাধিকবার যোগাযোগ করা হলেও সেখানে ডিজেল পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পাম্পগুলো থেকে ‘আজ আসবে’, ‘বিকেলে আসবে’—এ ধরনের আশ্বাস দেওয়া হলেও টানা তিন দিন ঘোরানো হয়েছে বলে অভিযোগ ইজারাদারের।
ডিজেল না পাওয়ায় বর্তমানে কলাপট্টি খেয়াঘাট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীসহ কর্মজীবী ও ব্যবসায়ীরা বিকল্প পথে দীর্ঘ সময় ও অতিরিক্ত খরচে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
খেয়াঘাট ইজারাদার দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে স্থানীয়রা বলছেন, অবিলম্বে খেয়াঘাট চালু না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।