জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। রোভার ও গার্ল ইন রোভার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, সৃজনশীলতা ও পরিশ্রমে নির্মিত দেয়ালিকায় জুলাই আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট, আত্মত্যাগ ও চেতনা তুলে ধরার পাশাপাশি আন্দোলনে আত্মদানকারী কবি নজরুল সরকারি কলেজের চার অমর শহিদের স্মৃতিও তুলে ধরা হয়।
গত ২৭ জুলাই ২০২৬ তারিখে প্রতিযোগিতার জন্য দেয়ালিকাটি বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারে পাঠানো হয়। পরে শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মোহাম্মদ আক্কাচ আলী, কমিশনার মো. ওমর আলী এলটিসহ ঢাকা জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, দ্বিতীয় স্থান অর্জন করে বিসিআইসি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং তৃতীয় স্থান অর্জন করে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠার পর থেকেই গ্রুপটি জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্যাম্প, প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে। বিভিন্ন সময়ে সাফল্য অর্জনের মধ্য দিয়ে সংগঠনটি তার নিজস্ব ঐতিহ্য ও সক্ষমতার পরিচয় দিয়ে আসছে।
বর্তমান নেতৃত্বের অধীনেও বিভিন্ন ক্যাম্প ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দল নিয়ে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে গ্রুপটি। এরই ধারাবাহিকতায় গত ৭ মে ২০২৬ বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন-২০২৬-এ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধি।
দেয়ালিকা প্রতিযোগিতায় সেরা তিনে স্থান অর্জনের পর দলের সদস্যদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। এ অর্জনকে দলের সদস্যদের সম্মিলিত পরিশ্রম ও ঐক্যের ফল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও ক্রু-ইন কাউন্সিল (২০২৬-২০২৭)-এর সভাপতি মো. হাসিবুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দলকে সঙ্গে নিয়ে বিভিন্ন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন। দলের সদস্যদের সাফল্য ও আনন্দই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি বলেন, “দেয়ালিকা প্রতিযোগিতায় সেরা তিনে স্থান করে নেওয়ার পর সদস্যদের মধ্যে যে আনন্দ-উল্লাস দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে। ওদের আনন্দই আমার আনন্দ। কবি নজরুলের একের পর এক বিজয়ের অন্যতম কারণ আমাদের ঐক্য।”
এ সাফল্যের জন্য তিনি যারা তাকে ও তার দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার কাউন্সিলের সকল সদস্যকে সাহস, শক্তি ও ভরসার জায়গা হিসেবে উল্লেখ করেন।কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে এই অর্জন জুলাই আন্দোলনে আত্মদানকারী কবি নজরুল সরকারি কলেজের চার অমর শহিদের প্রতি উৎসর্গ করা হয়েছে। রোভার ও গার্ল ইন রোভার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই সাফল্য গ্রুপটির দীর্ঘ পথচলায় আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত করেছে