মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই পটুয়াখালীর কলাপাড়ার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মা ইলিশ বিক্রি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তথ্য অনুযায়ী, রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সকাল ৬টা থেকে মাছ বিক্রি শুরু হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই মা ইলিশবোঝাই কিছু বোট শিববাড়িয়া চ্যানেলে নোঙর করে। বর্তমানে ওই চ্যানেলে মা ইলিশ নিয়ে কয়েকটি বোট বিক্রির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। তবে বোটের সঠিক সংখ্যা এবং সেগুলোতে থাকা মাছের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
সরকারি নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ আহরণ করা হয়ে থাকলে তা মৎস্যসম্পদের প্রজনন ও সংরক্ষণের জন্য উদ্বেগজনক। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ আহরণের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। মা ইলিশ সংরক্ষণে আইন বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি উঠেছে।