নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ।
আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের উদ্যোগে ক্যালিগ্রাফি ও দেয়ালঘড়ি স্থাপন
কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি:আফসানা মিম
ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং আরবি ভাষা ও সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে কবি নজরুল সরকারি কলেজের আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের উদ্যোগে আরবি বিভাগের সামনে মনোমুগ্ধকর ক্যালিগ্রাফি করা হয়েছে। পাশাপাশি আরবি বিভাগে স্থাপন করা হয়েছে একটি দেয়ালঘড়ি।
গত ৯ সেপ্টেম্বর, বুধবার, ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যালিগ্রাফি ও দেয়ালঘড়ি স্থাপনের কাজ সম্পন্ন হয়। নান্দনিক ক্যালিগ্রাফিতে আরবি বিভাগের সামনের দেয়াল নতুন রূপ পেয়েছে। একই সঙ্গে বিভাগে দেয়ালঘড়ি স্থাপনের ফলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে ব্যবহারিক সুবিধাও।
আরবি ক্যালিগ্রাফি শুধু একটি নান্দনিক শিল্প নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে আরবি ভাষা ও সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করে বিভাগের পরিবেশকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতেই ক্লাবের এ উদ্যোগ।
ক্লাবের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হওয়া এ উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে আরবি ভাষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের এ ছোট্ট প্রয়াসে আরবি বিভাগ পেয়েছে নতুন নান্দনিকতা ছোঁয়া । শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সৃজনশীল উদ্যোগে ক্যাম্পাসকে আরও সুন্দর করে তোলার ধারাবাহিকতায় এটি একটি প্রশংসনীয় সংযোজন।