কুয়াকাটার মনোরম সমুদ্রসৈকতে পর্যটকদের আনন্দ দিতে শুরু হয়েছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন। “মুক্ত মঞ্চ” আয়োজক দলের উদ্যোগে এবং “সাগরকন্যা ব্যান্ড” ও শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এই প্রাণবন্ত অনুষ্ঠান। পুরো আয়োজনটি পরিচালনায় রয়েছেন শিল্পী শহিদুল ইসলাম।
প্রতিদিনের এই আয়োজন ইতোমধ্যে পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শনার্থীরা জানান, এমন সুন্দর ও উন্মুক্ত আয়োজন তারা খুব কমই দেখেছেন—তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। সমুদ্রের পাড়ে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রিয় গানের সুরে মেতে ওঠার এই অভিজ্ঞতা তাদের জন্য হয়ে উঠছে এক অনন্য আনন্দঘন মুহূর্ত।
এখানে আগত পর্যটকরা শুধু গান শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং নিজের পছন্দের গান শোনার সুযোগও পাচ্ছেন। কেউ প্রিয় গান শুনতে চাইলে শিল্পীরা তা পরিবেশন করেন, এমনকি দর্শকদের অনুরোধে নির্দিষ্ট গান গেয়ে শোনানো হয়। এতে করে আয়োজনটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক।
প্রকৃতি, সুর আর মানুষের মিলনে গড়ে ওঠা এই নিয়মিত আয়োজন ইতোমধ্যেই কুয়াকাটার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রেখে পর্যটকদের জন্য আরও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা হবে।