নাজমুস সাকিব, কলাপাড়া
আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় গণসংযোগ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে কলাপাড়া বাজার পর্যন্ত লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দেশের সরকারি সকল ভবনের ছাদ ব্যবহার করে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং এ বিষয়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করা।
নাগরিক সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। আয়োজক সংগঠনের সদস্যদের পাশাপাশি কলাপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে অংশগ্রহণকারীরা জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা প্রদান করেছে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় হ্রাস, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম বলেন, রুফটপ সোলার সম্প্রসারণের ফলে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ খাত এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ীরা নতুন বাজার ও কর্মসংস্থানের সুযোগ পাবে, যা একটি টেকসই সবুজ অর্থনীতি গঠনে সহায়ক হবে।
প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ বলেন, এউদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে একটি আঞ্চলিক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং দেশ একটি পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
স্মারকলিপিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপন।
রুফটপ সোলার স্থাপনে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, সমন্বয় ও তদারকি নিশ্চিত করা।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সম্পৃক্ত ও উৎসাহিত করা।
নেট-মিটারিং সুবিধা আরও সহজ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা।
সাধারণ জনগণের মধ্যে রুফটপ সোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদার করা।
কর্মসূচি শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, জেলা প্রশাসনের সক্রিয় উদ্যোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে পটুয়াখালী জেলাসহ সারাদেশে সরকারি ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ত্বরান্বিত হবে।