নাজমুস সাকিব, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন পায়রা বন্দরের ফোরলেন সেতুর নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে সেতুটির বড় একটি অংশের কাজ সম্পন্ন হয়েছে। তবে অক্টোবরের মধ্যে যান চলাচলের উপযোগী করার সম্ভাবনা নেই। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
প্রায় ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ এই সেতুটি পায়রা বন্দরের সঙ্গে জাতীয় মহাসড়কের সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতুটির সঙ্গে যুক্ত হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালমুখী ছয় লেনের সংযোগ সড়ক। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর পায়রার সঙ্গে সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে।
সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্মাণকাজ শেষ হলে পায়রা বন্দরের পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুধু বন্দরকেন্দ্রিক যোগাযোগ নয়, এই সেতু চালু হলে কলাপাড়া ও আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য, পরিবহন, শিল্প এবং বিনিয়োগেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে পায়রা বন্দরের কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
তবে সেতু নির্মাণের পাশাপাশি পায়রা বন্দরের নৌপথের নাব্যতা, ড্রেজিং এবং সংযোগ সড়কের কাজও সমান গুরুত্বপূর্ণ। এসব অবকাঠামোর সমন্বিত উন্নয়ন সম্পন্ন হলে পায়রা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর সুযোগ আরও বাড়বে।
স্থানীয়দের প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যে সেতুটির কাজ শেষ করে দ্রুত যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে কলাপাড়ার যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি পায়রা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।